বিইউপিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামের পরিচিতিমূলক অনুষ্ঠান

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) কর্তৃক পরিচালিত এমফিল-পিএইচডি প্রোগ্রামের সুপারভাইজর ও গবেষকদের এক পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির সম্মানিত ভিসি মেজর জেনারেল মো. মাহ্বুবব-উল আলম। সিএইচএসআরের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মনজুরুল আলম অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। 

মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম গবেষক ও সুপারভাইজারদের স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান আহরণ এবং বর্তমানে অর্জিত জ্ঞানকে আরও সমৃদ্ধশালী করা যায়। তিনি নির্ধারিত সময়ের মধ্যে গবেষণার কাজ শেষ করা জন্য সকল গবেষকদেরকে আহ্বান জানান। 

এছাড়াও তিনি সকল গবেষককে বিইউপির নির্দেশনা অনুসরণ করে গবেষণা কার্যক্রম শুরু করতে বলেন। বিশেষভাবে তিনি সম্মানিত সুপারভাইজরদেরকে একটি বস্তুনিষ্ঠ এবং যুগোপযোগী গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে অধিক সময় দিতে বলেন। যাতে করে গবেষণালব্ধ ফল দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি সকলকে বিইউপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এমফিল প্রোগ্রামে ২৪ জন এবং পিএইচডি প্রোগ্রামে ৪০ জন মোট ৬৪ জন সুপারভাইজার ও কো-সুপারভাইজারের তত্ত্বাবধানে এমফিল প্রোগ্রামে ২৪ জন ও পিএইচডি প্রোগ্রামে ৩৮ জনসহ সর্বমোট ৬২ জন গবেষক অংশগ্রহণ করছেন।

বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনসহ দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, বিশিষ্ট পেশাজীবী এবং বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিএইচএসআরের পরিচালক ক্যাপ্টেন সৈয়দ মুস্তাফা মুহাম্মদ আলী ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।