করোনামুক্ত দ্রাবিড়, যোগ দিলেন দলের সঙ্গে

এবারের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দল যাত্রা শুরু করবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এই ম্যাচের আগেই প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে ফিরে পেল এশিয়া কাপের শেষ দুই আসরের চ্যাম্পিয়নরা। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দ্রাবিড়।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দ্রাবিড়কে দেশে রেখেই এশিয়া কাপ খেলতে আমিরাত গিয়েছিল ভারত। তখন দলের প্রস্তুতি পর্বের তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল ভিভিএস লক্ষ্মণকে। এবার মাঠের খেলা শুরুর আগেই তার কাছ থেকে দায়িত্ব বুঝে নিচ্ছেন ভারতের নিয়মিত হেড কোচ।

রবিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দ্রাবিড়ই থাকবেন ভারতের ডাগআউটে। অন্যদিকে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক লক্ষ্মণ ফিরে যাবেন ব্যাঙ্গালুরুতে। যেখানে তিনি কাজ করবেন ভারতীয় ‘এ’ দলের সঙ্গে। সেপ্টেম্বরের ১ তারিখ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলবে তারা।

জিম্বাবুয়েতে দ্বিতীয় সারির দল নিয়ে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েছিল ভারত। সেই দলের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ। জিম্বাবুয়ে সফর শেষেই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু দ্রাবিড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লক্ষ্মণকে দলের সঙ্গে দুবাই পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।