না বাঘ, না সিংহ; 'লাইগার' একটি অদ্ভুত পশু। ছবিতেও তেমনই এক অদ্ভুত স্বাদ। যা নিয়ে আলোচনা হচ্ছে ২৫ আগস্ট ছবি মুক্তির পর থেকে। দর্শক টানতে পারেনি। অনেক প্রত্যাশা নিয়েও আলোড়ন ফেলতে পারেনি পুরী জগন্নাথ পরিচালিত 'লাইগার'। ভারতীয় চলচ্চিত্র হিসাবে আইএমডিবির সবচেয়ে কম রেটিং পেয়েছে ছবিটি।
স্পোর্টস-অ্যাকশন ছবিটির বিশেষ আকর্ষণ দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক করলেন তিনি। নায়িকা অনন্যা পান্ডে। অতিথি চরিত্রে বক্সিং কিংবদন্তি মাইক টাইসন।
শুরু থেকে অনেক প্রত্যাশা ছিল এই ছবি ঘিরে। একে একে গানের ঝলক মুক্তি পাওয়ায় কৌতূহলও বাড়ছিল। তবে শেষরক্ষা হয়নি। বক্স অফিসে পুরোপুরি ধরাশায়ী 'লাইগার'।বলিউডের শেষ কয়েকটি ব্যর্থ ছবির সঙ্গে যদি ‘লাইগার’-এর তুলনা করা যায়, তা হলেও দেখা যাবে এ ছবি বক্স অফিসের আয়ের দিক থেকেও তলানিতে। ‘লাল সিংহ চড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’-এর প্রথম দু’দিনের আয় যেখানে ছয় থেকে ন’কোটি টাকা ছিল, সেখানে ‘লাইগার’ সাড়ে চার কোটিও পেরোতে পারেনি।
আইএমডিবিতেও 'লাইগার'-এর রেটিং দেখলে চমকে উঠতে হয়। ১০ এর মধ্যে ১.৭! যেখানে আমির খানের 'লাল সিং চাড্ডা' ৫, অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' ৪.৬, তাপসী পান্নুর 'দোবারা' ২.৯ এবং রণবীর কাপুরের 'শামশেরা' ৪.৯ রেটিং পেয়েছে। এটি আইএমডিবিতে এখনও পর্যন্ত সবচেয়ে কম রেটিং পাওয়া ভারতীয় ছবি। মাত্র ১৬,৫৫১ জন দর্শক ভোট দিয়েছেন এই ছবিকে। সূত্র : এনডিটিভি