বলিউডের 'বাদশা' ফিরছেন বড় ধামাকা নিয়ে। ২০১৮য় 'জিরো' মুক্তির পর পেরিয়ে গেছে চার-চারটি বছর। বড় পর্দার ধারেকাছে দেখা যায়নি শাহরুখ খানকে। এই চার বছরের বিরতি সুদে-আসলে তুলতেই একসঙ্গে তিন-তিনটি ছবি নিয়ে ফিরছেন কিং খান। সেই তিনের মধ্যে একটি ছবি দক্ষিণী পরিচালক আতলির। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে।
তামিল চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত অভিনেতা এবং প্রযোজক বিজয়। এই ছবিতে খলনায়কের চরিত্রে তাকে দেখবেন দর্শক। জানেন কি এই ছবির জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন বিজয়? শুনলে সত্যিই চমকে যাবেন।
আগে প্রতি ছবিপিছু বিজয়ের পারিশ্রমিক ছিল ১৫ কোটি টাকা। কিন্তু তার অভিনীত ছবি 'বিক্রম'-এর আকাশছোঁয়া সাফল্যের পর অভিনেতার পারিশ্রমিকও বেড়ে গিয়েছে বেশ কয়েক কোটি। শাহরুখ অভিনীত 'জওয়ান'-এ বিজয় তার পারিশ্রমিক হেঁকেছেন ২১ কোটি টাকা।
বড় পর্দায় কিং খান বনাম বিজয় সেতুপতি- জোরদার লড়াই দেখতে চলেছেন দর্শকরা। এই ছবিতে শাহরুখ, বিজয় ছাড়াও প্রথমবার কিং খানের সঙ্গে জুটিতে দেখা যাবে দক্ষিণী নায়িকা নয়নতারাকে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া