শিক্ষার্থীদের মানবিক কাজে সম্পৃক্ত করতে এবং স্বেচ্ছাসেবা কার্যক্রমকে গতিশীল করতে দেশের সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণের উপস্থিতিতে সমন্বয় সভার আয়োজন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। স্কুল-কলেজগুলোর সহশিক্ষা কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করে সরকারের জারিকৃত প্রজ্ঞাপনের বাস্তবায়নে মতবিনিময় হয় এ সভায়।
শনিবার সকালে সোসাইটির জাতীয় সদর দপ্তরে আয়োজিত এ সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাব। এ সময় তিনি বলেন, মানবিক জাতি গঠনে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠনের কোনো বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে মানবিক হও স্লোগানে রেড ক্রিসেন্ট সকল শিক্ষা বোর্ডের সাথে একাত্ম হয়ে কাজ করবে।
মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ দেশের ১১টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবগণের উপস্থিতিতে সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় আরো উপস্থিতি ছিলেন সোসাইটির উপমহাসচিব মো. রফিকুল ইসলাম, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকরা।
উল্লেখ্য, দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রেড ক্রিসেন্ট দল গঠন বাধ্যতামূলক করতে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকার। প্রজ্ঞাপন জারির পর থেকেই এ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট তহবিল গঠন করা হয়। তহবিলে সংগৃহীত অর্থের ৬০ শতাংশ রেখে বাকি ৪০ শতাংশ অর্থ শিক্ষা বোর্ডের হাত হয়ে রেড ক্রিসেন্ট সদর দপ্তরের তহবিলে জমা হয়। সম্প্রতি (২০২০ সালে) প্রজ্ঞাপনটি সংশোধিত হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড ও রেড ক্রিসেন্টের দায়িত্বগুলো সুস্পষ্ট করা হয়।