সারা দেশে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে

রংপুরের ৫০ স্কুলে গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ করল বিকাশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে সারা দেশের স্কুল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবার রংপুর বিভাগের ৫০টি স্কুলে ২০০০ কপি গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ করেছে বিকাশ। মুজিব শতবর্ষ উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে ৫০০টি স্কুলে ২০ হাজার কপি গ্রাফিক নভেল 'মুজিব' বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে এর আগে ঢাকা, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন স্কুলে এই গ্রাফিক নভেল বিতরণ করে বিকাশ।

এরই ধারাবাহিকতায় শোকের মাস আগস্টে আজ (রবিবার) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে স্কুল প্রতিনিধি ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইব্রাহিম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ফিরুজুল ইসলাম, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.), বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন সহ অন্যান্যরা।

বঙ্গবন্ধুর .অসমাপ্ত আত্মজীবনী. অবলম্বনে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আট খণ্ডে প্রকাশ করেছে গ্রাফিক নভেল 'মুজিব'। সংলাপ, গদ্য ও চিত্রের যুৎসই সমন্বয়ে শিশু-কিশোরদের উপযোগী ফরম্যাটে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা চিত্রিত হয়েছে এই গ্রাফিক নভেলে। বিকাশের পৃষ্ঠপোষকতায় সেগুলো স্কুলগুলোতে বিতরণ করছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র। এর পরবর্তী খণ্ডগুলো প্রকাশিত হলে সেগুলোও একইভাবে বিশ্বসাহিত্য কেন্দ্রের মাধ্যমে আরো বেশি সংখ্যক স্কুলে পৌঁছে দেবে বিকাশ।

এ পর্যায়ে রংপুরের ৫০টি স্কুলের প্রতিটিকে ৫ সেট করে বই দেওয়া হয়। ফলে একই সাথে ৪০ জন শিক্ষার্থী স্কুলের লাইব্রেরি থেকে বইটি পড়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, যাত্রা শুরুর সময় থেকেই বিকাশ বই বিতরণের সঙ্গে সম্পর্ক গড়েছে। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সাল থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এ পর্যন্ত ২৯০০ শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫৩৬০০ বই দিয়েছে বিকাশ যা থেকে ২৬ লাখ পাঠক উপকৃত হয়েছেন।