শহরের গাছপালা কেটে স্থাপনা নির্মাণ করা হচ্ছে : আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘প্রকৃতি ধ্বংস করে ঢাকা শহরের গাছপালা কেটে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। অবশিষ্ট যে অল্প কিছু গাছপালা রয়েছে সেগুলো আর কাটা যাবে না। কিছুদিন আগেও বনানীতে গাছপালা কেটে ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে। আমরা সিটি করপোরেশন থেকে সেই নির্মাণকাজ বন্ধে পদক্ষেপ নিয়েছি। দয়া করে কেউ ঢাকা শহরের গাছপালা ধ্বংস করবেন না’।

গতকাল রবিবার রাজধানীর আহছানউল্লা ইউনিভার্সিটি অভ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘ওয়াসা থেকে খালগুলো বুঝে পাওয়ার পর আমরা সেগুলো উদ্ধারে কাজ করে যাচ্ছি। মোহাম্মদপুরের বছিলায় লাউতলা খালে অবৈধ ট্রাকস্ট্যান্ড ছিল, বহুতল মার্কেট ছিল। সেগুলো উচ্ছেদ করে আমরা লাউতলা খাল উদ্ধার করেছি। খালে পানির প্রবাহ নিশ্চিত করেছি। সেখানে এখন নৌকা চলছে। তবে খাল পরিষ্কার করতে গিয়ে আমরা খাল থেকে জাজিম, বস্তা, ডাবের খোসা, পুরনো টেলিভিশন, চেয়ার, টেবিলসহ এমন কিছু নেই যা পাইনি। এভাবে খালগুলো নোংরা হচ্ছে এবং ভরাট হচ্ছে। সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।’