অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলোচিত প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) সহযোগী ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক নাসিম আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির সহকারী পরিচালক তাপস কান্তি বালা বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, দুদকের সম্পদের নোটিসের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক নাসিম আনোয়ার ২০২১ সালের ১২ আগস্ট সম্পদ বিবরণী দাখিল করেন। যেখানে তিনি ৫ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৭৫৩ টাকার নিট সম্পদের হিসাব দেখিয়েছেন। কিন্তু দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের সময় ওই সম্পদের ১ কোটি ১২ লাখ ৯৭ হাজার ২৮৫ টাকার সম্পদের উৎস পাওয়া যায়নি।