রাবার কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত

রাজধানীর কদমতলীতে রাবার কারখানায় যন্ত্র বিস্ফোরিত হয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টার দিকে কদমতলী পুরান আলী বহর পানামা রাবার কারখানায় এই দুর্ঘটনা ঘটে।

কারখানাটির সুপারভাইজর মাসুদ আলম জানান, কারখানাটিতে গাড়ির টায়ার ও টিউব তৈরি করা হয়। সকালে দেলোয়ার কারখানায় কাজ করার সময় গ্র্যাডিং পাথার নামে একটি মেশিন বিস্ফোরণ হয়। মুমূর্ষু অবস্থায় দেলোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মাসুদ আরও জানান, দেলোয়ারের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।