জনপ্রশাসনের বই কেনার তালিকা বাতিল হচ্ছে

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য জেলা-উপজেলায় বই কেনার সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। গতকাল রবিবার সিনিয়র সচিব নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

কে এম আলী আজম সাংবাদিকদের জানান, একজনের এত বই কেনা কোনো নিয়মে পড়ে না। তালিকাটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। একজনের ২৯ বই, জানা ছিল না। পরীক্ষা করব। সত্যতা পেলে সংশোধনী বা বাতিলের ব্যবস্থা নেব।

এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কাজটা ঠিক হয়নি। এর বাস্তবায়ন কোনোভাবেই হবে না, এটা নিশ্চিত। পুরো ব্যাপারটা খতিয়ে দেখা হবে।

সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় জেলা-উপজেলায় বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর সঙ্গে পাঠানো হয়েছে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা। তালিকায় রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের লেখা ২৯টি বই, যার অধিকাংশই কবিতার বই। এর মধ্যে ২৪টি প্রকাশিত হয়েছে মাত্র একটি প্রকাশনী থেকে।