বগুড়ায় রবিবার রাতে আঞ্চলিক মহাসড়ক ট্রাকচাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
রবিবার রাত ৮টার দিকে এরুলিয়ার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।
নিহত বিকাশ নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে। তিনি বর্তমানে কক্সবাজারে ৪র্থ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
রাতে সদর থানা-পুলিশ সূত্রে জানা যায়, এএসআই বিকাশ চন্দ্র সরকার তার পূর্বের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাক্ষী দিতে গিয়েছিলেন। আদালতে সাক্ষী দিয়ে তিনি বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। রবিবার রাত ৮টার দিকে তাকে বহনকারী সিএনজি চালিত অটোরিকশা বগুড়া সদরের এরুলিয়া নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।
রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এএসআই বিকাশের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।