কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকা থেকে মঞ্জুরুল আলম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে নয়টায় আঙ্গাউড়া গ্রামের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মঞ্জুরুল আলম বগুড়া সদর উপজেলার শেওগাড়ি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। তিনি এভারেস্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।
মঞ্জুরুলের স্ত্রী মনিসা আক্তার যুথি বলেন, রাতে ঘুমানোর আগে টাকার বিষয় নিয়ে কার সাথে যেন কথা বলেছে জানি না। সকালে উঠে দেখি পাশের রুমে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। সে এত চাপা স্বভাবের ছিল যে কোনো কিছুই আমার সাথে বা পরিবারের কারও সঙ্গেই শেয়ার করতো না।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, মঞ্জুরুল আলম একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির কাজ করতেন। স্বামী-স্ত্রী ও সাত বছরে ছেলেসহ আঙ্গাউড়া গ্রামের মৃত হক মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়দের মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরে সকাল ৯টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।