সংগীত পরিচালক এ আর রহমানের সুরে মুগ্ধ গোটা বিশ্ব। অস্কার জিতে নেওয়ার পর থেকে তো গোটা বিশ্ব তাকে এক নামে চেনে। এমন প্রতিভাকে এবার বিশেষ সম্মান জানাল কানাডা। কানাডার ওন্টারিওর মরখম অঞ্চলে একটি রাস্তার নাম দেওয়া হলো 'আল্লারাখা রহমান স্ট্রিট'। এ খবর রহমানের কাছে পৌঁছতেই আবেগে ভাসলেন সংগীত পরিচালক। সোশাল মিডিয়ায় পোস্ট করলেন এক আবেগঘন পোস্ট।
তিনি তার ইনস্টাগ্রামে পোস্টে লিখলেন, 'আমি কখনও কল্পনাই করিনি এরকমটা আমার জীবনে ঘটবে। কানাডা সরকার ও মরখমের মেয়রকে ধন্যবাদ। আমার নামের অর্থ হলো দয়ালু। যা কিনা স্রষ্টার একটি বৈশিষ্ট্য। আমার নামের অর্থকে সঙ্গে নিয়ে কানাডাবাসীর জীবনে শান্তি আসুক, সমৃদ্ধি আসুক এটাই প্রার্থনা করব। সবাই ভালো থাকুন।'
তিনি আরও লেখেন, 'ভারতে আমার যে ভাইবোন রয়েছে, যারা আমাকে ভালোবাসেন, আমার কাজ ভালোবাসেন, সবাইকে ধন্যবাদ। যাতে আপনাদের আশা পূরণ করতে পারি সে চেষ্টা করে যাব। আপনাদের ভালোবাসাই আমার কাছে সব।'
এ আর রহমানের হাতে এখন অজস্র সিনেমার কাজ। দক্ষিণী পরিচালক মণিরত্নমের নতুন ছবি 'পোন্নিয়্যান সেলভান' এবং হিন্দি ছবির 'পিপা'র কাজে ব্যস্ত। এ ছাড়া তার হাতে রয়েছে বেশ কিছু হলিউড প্রোজেক্ট। এসবের মাঝে এই সুখবর পেয়ে দারুণ খুশি তিনি। ছবি : সংবাদ প্রতিদিন