সুনামগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে ২ ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

উপজেলার শালদীঘা হাওরে মঙ্গলবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার পাইকুরহাটি ইউনিয়নের ভেকই গ্রামের মৃত মনু মিয়ার সন্তান খোকন মিয়া (৩৫) এবং তার ভাই ঝিলন মিয়া (২৮)। তারা হাওরে মাছ ধরে ও কৃষি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাই নৌকায় করে মাছ ধরছিলেন। সেখানেই বজ্রপাতের শিকার হন। অন্য জেলেরা দূর থেকে দেখে স্বজনদের খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করেন।

ধর্মপাশা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।