পান মশলার বিজ্ঞাপনে ৯ কোটি টাকার প্রস্তাবে কার্তিক আরিয়ানের 'না'

অক্ষয় কুমার, যশ, আল্লু অর্জুন- তামাক, মদের বিজ্ঞাপনী প্রচার থেকে সরে দাঁড়িয়েছিলেন একের পর এক নায়ক। সেই তালিকায় জুড়ল এবার কার্তিক আরিয়ানের নাম। ৯ কোটি টাকার প্রস্তাব ফেরালেন অভিনেতা। একটি পান মশলার বিজ্ঞাপনের জন্য ৮-৯ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় অভিনেতাকে। প্রস্তাব পাওয়া মাত্রই সোজা 'না' করে দেন নায়ক।

এত বড় অঙ্কের প্রস্তাব হাতছাড়া করা মুখের কথা নয়। কিন্তু নিজের নীতির বিরুদ্ধে কাজ করতে নারাজ নায়ক। তবে এই প্রথম নয়, কার্তিকের আগেই এমন কোটি টাকার প্রস্তাব ফিরিয়েছেন আল্লু অর্জুন। তামাকজাত দ্রব্য প্রচারের বিনিময়ে তাকে ১০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তা তৎক্ষণাত ফিরিয়ে দেন দক্ষিণী তারকা।

এর আগেই এই কারণে জনরোষের মুখে পড়েন অক্ষয় কুমার। যে কারণে ক্ষমা চাইতে বাধ্য হন নায়ক এবং প্রতিশ্রুতি দেন তিনি আর ওই তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের মুখ থাকবেন না। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস