আন্তর্জাতিক সাহায্য সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এক কর্মীকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে ওয়ার্ল্ড ভিশনের তহবিল থেকে হামাসকে অর্থ সহযোগিতা করেছিলেন।
তবে ওয়ার্ল্ড ভিশন এ অভিযোগ অস্বীকার করেছে। একইসাথে ওয়ার্ল্ড ভিশনের দাতাসংস্থা অস্ট্রেলিয়াসহ নিরপেক্ষ বিভিন্ন তদন্তকারী সংস্থা এ অনিয়মের বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ পায়নি বলে জানিয়েছে।
আলজাজিরা জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সশস্ত্রগোষ্ঠী হামাসকে অর্থ সহযোগিতা দেয়ার অভিযোগে ওয়ার্ল্ড ভিশনের কর্মী আল হালাবিকে ২০১৬ সালের জুনে গ্রেপ্তার করে ইসরায়েল। হালাবি দীর্ঘ ছয় বছর ধরে ইসরায়েল কারাগারে আছেন। ১২ বছর কারাদণ্ডের ঘোষণায় তাকে আরও ছয় বছরের সাজা ভোগ করতে হবে।
মঙ্গলবার সাজা ঘোষণার পর হালাবির আইনজীবী তাকে নির্দোষ দাবি করে বলেন, তিনি নির্দোষ, তিনি কিছুই করেননি এবং এর কোনো প্রমাণও নেই।
তার মতে, হালাবি যদি অন্যায় স্বীকার করতেন, তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো। রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান তিনি।
এদিকে হালাবিকে দীর্ঘ ছয় বছর আটকে রাখার সমালোচনা করেছেন মানবাধিকার সংস্থাগুলো। একইসাথে তাকে অন্যায়ভাবে নির্যাতন করা হতো বলেও অভিযোগ তুলেছে তারা।
ওয়ার্ল্ড ভিশন এক বিবৃতিতে কোনো প্রমাণ ছাড়া ১২ বছরের কারাদণ্ড দেয়াকে 'গভীর হতাশাজনক' হিসাবে উল্লেখ করেছে।
সংস্থাটি বলেছে, অন্যায়ভাবে গ্রেপ্তার ও ছয় বছর আটকে রাখা এবং কারাদণ্ডের এই রায় গাজা ও পশ্চিম তীরে মানবিক কাজ বাধাগ্রস্ত করবে। ওয়ার্ল্ড ভিশনসহ ফিলিস্তিনিদের সাহায্যকারী সংস্থাগুলোর ওপর এর ব্যাপক প্রভাব পড়বে বলেও বিবৃতিতে উল্লেখ করেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মঙ্গলবার এই রায়কে ‘আইনের চূড়ান্ত অপপ্রয়োগ’ বলে উল্লেখ করেছে।
সংস্থাটির ওই অঞ্চলের পরিচালক ওমর শাকির বলেছেন, গোপন প্রমাণের ভিত্তিতে আল-হালাবিকে ছয় বছর ধরে আটকে রাখা আইনের যথাযথ প্রক্রিয়াকে উপহাস করেছে। তাকে আরো ছয় বছরের কারাদণ্ড দেওয়াকে অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, তাকে অনেক আগেই মুক্তি দেওয়া উচিত ছিল। ইসরায়েল আইনের অপব্যবহার করে কীভাবে লাখ লাখ ফিলিস্তিনিদের ওপর তার কুৎসিত বর্ণবৈষম্যকে বৈধতা দিতে চাচ্ছে, আল হালাবির মামলাটিই উপযুক্ত প্রমাণ।
এই মাসের শুরুর দিকে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরে সাতটি ফিলিস্তিনি মানবাধিকার ও সামাজিক সংস্থাকে সন্ত্রাসী তকমা দিয়ে বন্ধ করে দেয় ইসরায়েল।