ঝিনাইদহে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে আ.লীগের কার্যালয়

ঝিনাইদহের সদর উপজেলার ডাকবাংলা বাজারের ত্রিমোহনীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। গত সোমবার রাত ৩টার দিকে ওই বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।  সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুচ আলী বলেন, ‘রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিটিং করে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। তারা এলাকায় নাশকতা সৃষ্টির জন্য এ কাজ করেছে।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ পাল্টা অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের হয়রানি করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাটক সাজিয়েছে।’