ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়নি : তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘোষিত সময়সূচির বাইরে যেকোনো ধরনের প্রতিষ্ঠান, স্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে লিখিত আবেদনের মাধ্যমে যথাযথ যৌক্তিকতা সহকারে করপোরেশনের কাছ থেকে পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে নগর ভবনের মেয়র হানিফ অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দ্বিতীয় পরিষদের ষোড়শ করপোরেশন সভার সূচনা বক্তব্যে মেয়র শেখ তাপস এ কথা বলেন।

মেয়র শেখ তাপস বলেন, ‘হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে বিচ্ছিন্নভাবে নানা মাধ্যমে আলোচনা হলেও করপোরেশন এখনো কোনো পক্ষ বা ব্যক্তি হতে কোনো আবেদন পায়নি।’