ফের ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ২৩৭ রোগীর রেকর্ড

দেশে প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে। হাসপাতালে রোগী ভর্তির প্রতিদিনের রেকর্ড প্রতিদিনই ভাঙছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৩৭ রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। এর আগের দিন গত সোমবার ২০১ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২৩৭ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬ জন এবং বাকি ৪১ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কেউ মারা যাননি।

ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে আরও দেখা গেছে, এ বছরের জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৩০ জন। তাদের মধ্যে ঢাকা শহরেই সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ৪ হাজার ৮৮৮ জন। অবশিষ্ট ১ হাজার ৪২ রোগী ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২০ জন। তাদের মধ্যে ৯ জন ঢাকার ও বাকি ১১ জন ঢাকার বাইরের।