আইডিইবির সংবাদ সম্মেলন

ভুল সিদ্ধান্তে শিক্ষার্থী কমছে কারিগরিতে

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান বলেছেন, ‘গত তিন বছরে কারিগরি শিক্ষার প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। সরকারি-বেসরকারি পলিটেকনিকগুলোতে শিক্ষার্থীর আসন খালি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স তিন বছর করার প্রস্তাব করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে দেশ-বিদেশে কারিগরি শিক্ষার মান আরও কমে যাবে। শিক্ষার্থীরা ভর্তিতে আগ্রহ হারিয়ে ফেলবে।’

গতকাল মঙ্গলবার রাজধানীর কাকরাইলে আইডিইবির ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আগামী ১ সেপ্টেম্বর এ সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।