কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানচাপায় ছয় ভাই নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি নিরূপণ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন আকারে জানাতে বলেছে আদালত।
এ সংক্রান্তে রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়।
গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধানুষ্ঠান থেকে ফেরার পথে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে একটি পিকআপ ভ্যানের চাপায় অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯) নিহত হন। এ সময় আহত হন তাদের আরও তিন ভাইবোন। দুর্ঘটনার কয়েক দিন পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাদের আরেক ভাই রক্তিম সুশীল। মর্মান্তিক এ ঘটনাটি সারা দেশে আলোচনায় আসে।
এ ঘটনায় যথাযথ ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে গত ফেব্রুয়ারিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সুপ্রিম কোর্টের আইনজীবী উজ্জ্বল পাল ও জাহিদ হোসেন দোলন হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরীন ও শাহীনুজ্জামান শাহীন।
অ্যাডভোকেট শাহীন দেশ রূপান্তরকে বলেন, মহাসড়কে নিবন্ধনহীন গাড়ি চলাচল রোধে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন ও যোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারসহ ১১ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘ছয় ভাই নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তাদের পরিবারগুলো চরম আর্থিক অনিশ্চয়তার পড়েছে। আমরা এসব বিষয়ে যুক্তি তুলে ধরেছি। আদালত রুলসহ আদেশ দিয়েছে।’