মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর সফল হয়েছে : শাহরিয়ার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে গুম হওয়া যে ৭৬ জনের তালিকা দেওয়া হয়েছে, এর মধ্যে ১০ জনকে খুঁজে পাওয়া গেছে। বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চলছে।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের ঢাকা সফর সফল হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা মনে করি এই সফরটি অবশ্যই সফল হয়েছে। আমরা যে উদ্দেশ্য নিয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সেগুলো পূরণ হয়েছে। কিছু মানুষের মুখোশ উন্মোচন হয়েছে। আশা করি তারা এই পন্থা পরিহার করবেন এবং আন্তর্জাতিক বন্ধু সম্প্রদায়কে শুধু শুধু বিভ্রান্ত করার অপচেষ্টা থেকে বিরত থাকবেন।’ পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ যে ৭৬ জনের তালিকা দিয়েছে, সেই তালিকায় ২০ -২৫ বছর আগে গুম হওয়া ব্যক্তিরও নাম রয়েছে।