চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলের পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় অস্ত্র তৈরির মূল কারিগর জাকির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জাকির হোসেন চাম্বল ইউনিয়নের সোনারখীল এলাকার বাসিন্দা বলে জানা যায় ।
বুধবার (৩১ আগস্ট) সকালে র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে চট্টগ্রাম র্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং বিস্তারিত জানানো হবে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে এই অভিযান চালানো হয়। এসময় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়।