গণতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের সীমানার কাছে সামরিক কার্যক্রম বাড়িয়েছে প্রতিবেশী দেশ চীন।
তাইওয়ান বুধবার জানিয়েছে যে, চীনের সৈন্যবাহিনী তাইওয়ানের সীমানার ভেতর ঢুকে পড়লে এটি নিজেদের রক্ষা করতে এবং পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে। খবর রয়টার্সের।
তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিং।
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ার অংশ হিসেবে বেইজিং এই মাসে তাইওয়ান সীমান্তের চারদিকে সামরিক মহড়া শুরু করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ানের কাছে চীনের ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ সামরিক টহল অব্যাহত রয়েছে। তাইওয়ান প্রণালির দুই অংশকে আলাদা করে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তোলায় বেইজিংয়ের উদ্দেশ্য।
এক সংবাদ সম্মেলনে অপারেশন এবং পরিকল্পনার জন্য জেনারেল স্টাফের উপপ্রধান লিন ওয়েন-হুয়াং বলেন, ‘আমাদের সাগরে এবং আকাশ সীমানার ১২ নটিক্যাল মাইলের ভেতরে বিমান এবং জাহাজ ঢুকে পড়লে, আত্মরক্ষায় এবং কোনো ব্যতিক্রম ছাড়া পাল্টা আক্রমণের অধিকার রাখবে জাতীয় সেনাবাহিনী।’