আর্জেন্টাইন লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে নেইমার ও কিলিয়ান এমবাপের গোলে তুলুজের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। পিএসজির জার্সিতে বাকি গোলটি করেছেন জুয়ান বার্নাট। মনাকোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর এক ম্যাচ বাদেই জয়ে ফিরলো পিএসজি
বুধবার (৩১ আগস্ট) রাতে লিগ ওয়ানে আগের ম্যাচে ড্র-করার পর এ ম্যাচে শুরু থেকে জয় পাওয়ার জন্য মরিয়া ছিল পিএসজি। তবে পিএসজির আক্রমণের বিপরীতে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল তুলুজ, তবে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মার দক্ষতায় সে যাত্রায় গোল হয়নি।
পুরো ম্যাচ জুড়েই দুর্দান্ত কিপিং করেছেন তুলুজের গোলরক্ষক। ম্যাচের ২৫তম মিনিটে মেসির দুর্দান্ত শট ফেরানোর পর ৩৬ মিনিটে এমবাপের ভলিও ফিরিয়ে দেন তিনি।
ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোল পায় পিএসজি। মেসির দুর্দান্ত থ্রু থেকে লক্ষ্যভেদ করেন নেইমার। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইড দিলেও ভিএআরের সাহায্য নিয়ে গোলের বাশি দেন রেফারি।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোল ব্যবধান দ্বিগুন হতে পারতো। কিন্তু আরও একবার মেসির দারুণ শট তুলুজ গোলরক্ষক ফিরিয়ে দেন।
ম্যাচের ৫০তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন এমবাপে। এবারও মেসির অ্যাসিস্ট, বা পাশ থেকে দারুণ নৈপূন্যে তুলুজের বক্সে ঢুকে বল দেন এমবাপেকে। ডান পায়ে শটে লক্ষ্যভেদ করেন ফরাসি তারকা।
ম্যাচের একেবারে শেষ মিনিটে আবারও গোল পায় পিএসজি। এমবাপের শট তুলুজের গোলপোস্টে লেগে ফেরত গেলে বল পান বার্নাট। ফাঁকায় বল পেয়ে আর ভুল করেননি, পিএসজিকে এগিয়ে দেন ৩-০ গোলে।
এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র-তে ১৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে তিন বছর লিগ ওয়ান ফেরা তুলুজ পাঁচ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৩ নম্বরে।