পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) আঞ্চলিক প্রধানদের তিন দিনব্যাপী সম্মিলন ও কর্মশালা গত বুধবার বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন একাডেমিতে (বাপার্ড) শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সম্মিলনে সভাপতিত্ব করেন পিডিবিএফের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব মউদুদউর রশীদ সফদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার্ড মহাপরিচালক সৈয়দ রবিউল আলম, পিডিবিএফ পরিচালক শহীদুল হক খান ও মুহিউদ্দিন আহমদ পান্নু, পিডিবিএফের আইটি প্রধান মো. সহিদ হোসেন সেলিম, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল চন্দ্র বিশ্বাস, মনিরামপুর পৌরসভার মেয়র কাজী মাহমুদুল হাসান ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ।
সম্মিলনে পিডিবিএফের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ২৭টি অঞ্চলের অঞ্চল প্রধান, অডিট দলনেতারা এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা অংশ নেন। সম্মিলনে পিডিবিএফের ২০২১-২৫ পর্যন্ত দারিদ্র্য বিমোচনের রূপরেখার কৌশলপত্র উপস্থাপিত হয়।
সম্মিলনে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য পিডিবিএফের ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন ও শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
আগামী ২ সেপ্টেম্বর সম্মিলন ও কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।