বন্যা: পাকিস্তানের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ বাংলাদেশের

পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকার ১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ টাকা বরাদ্দ দিয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওরস্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে পাকিস্তানে পাঠানোর জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, ১ লাখ (পিস) পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরস্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছেন দেশটির জলবায়ুমন্ত্রী।
দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চলমান বন্যা পরিস্থিতিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। 

এদিকে পাকিস্তানে বন্যাদুর্গতদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ১৬ কোটি ডলার সহায়তার আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।