আ. লীগ নেতা হাবু খুনে জড়িত যুবদল নেতা ফাহিম গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফে হাবু হত্যা মামলার মূল পরিকল্পনাকারী যাত্রাবাড়ী থানা যুবদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) ওয়ারী বিভাগ।

গত বুধবার বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর শাহবাগ থানার শিক্ষা ভবন ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে ভিকটিম আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক ওরফ হাবু যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোড নিরালা হার্ডওয়্যারের সামনে পৌঁছলে  মুশফিকুর রহমান ফাহিমসহ অন্য আসামিরা দেশীয় অস্ত্র-ছুরি, চাপাতি ও সুইচ গিয়ার চাকু দিয়ে পেটের ডান পাশে আঘাত করে হত্যা করে। পরে আসামিরা লাশ রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই মো. বাচ্চু মিয়া যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।