না.গঞ্জে নিহত শাওনের বাড়িতে যাচ্ছেন মির্জা ফখরুল

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে নিহত রাজা আহমেদ শাওনের বাড়িতে যাচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা নাগাদ নিহতদের বাড়িতে পৌঁছার কথা রয়েছে। সঙ্গে রয়েছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাসহ নেতারা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন। শাওনের মৃ্ত্যুর পর তিনি ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন যুবদলের নেতা বলে দাবি করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি। তবে নিহত শাওন ‘যুবদল নেতা নন’-- পুলিশ সুপারের এমন বক্তব্যে প্রশ্ন তুলেছেন স্থানীয় বিএনপি নেতারা।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় খানপুর হাসপাতাল ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এ সংঘর্ষে বিএনপির ৩০ নেতাকর্মীও আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির মিছিলে নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। একপর্যায়ে শাওন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সংঘর্ষ চলাকালীন পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। সংঘর্ষের এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।