সিদ্ধার্থের মৃত্যুর এক বছর, কেমন আছেন শেহনাজ গিল

'বিগ বস'-এর ১৩তম পর্বে মিষ্টি জুটি হিসাবে টেলিভিশন মাতিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। 'লাইট-ক্যামেরা-অ্যাকশন'-এর সীমা পার করে পর্দার রসায়নের ছাপ পড়ে বাস্তবেও। তাদের খুনসুটির জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। কিন্তু আচমকাই একটা তুফান এসে সবকিছু তছনছ করে দিল।

২০২১ সালের ২ সেপ্টেম্বর। হৃদরোগে আক্রান্ত হয়ে শেহনাজকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিলেন সিদ্ধার্থ।

দেখতে দেখতে এক বছর পার। এখনও হিন্দি টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থকে ভুলতে পারেননি কেউই। প্রিয়জন হারানোর শোক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছেন শেহনাজ। কিন্তু 'মনের মানুষ'কে ভোলা কি এত সহজ! সিদ্ধার্থের অকালপ্রয়াণে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল শেহনাজকে। শ্মশানে যখন অভিনেতার দেহ নিয়ে যাওয়া হচ্ছে, সে সময় 'সিদ্ধার্থ সিদ্ধার্থ' বলে শববাহী গাড়ির দিকে শেহনাজের দৌড়ানোর দৃশ্য আজও ভুলতে পারেননি তাদের অগণিত ভক্ত। সিদ্ধার্থের আকস্মিক প্রয়াণের খবরে শেহনাজ অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে না মুখ খুললেও শেহনাজ ও সিদ্ধার্থের 'প্রেমকাহিনি' ছিল আলোচনার কেন্দ্রে। যে কাহিনির শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-এর হাত ধরে। 'বিগ বস'-এ প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করার পর প্রচারে আসতে থাকেন শেহনাজ। 'বিগ বস'-এর ঘরে প্রাণবন্ত শেহনাজ কখনও হেসে গড়িয়ে পড়তেন, আবার কখনও মান-অভিমানে তার চোখ থেকে পানি গড়াত।

সেখানেই সিদ্ধার্থের সঙ্গে তার আলাপ। কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব। তার পর একে অপরের সঙ্গে খুনসুটি, মান-অভিমান, রোমান্স- ওই শোয়ের আকর্ষণ দ্রুত বাড়িয়ে তোলে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া