বগুড়ায় একই স্থানে বিএনপি-আ.লীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের কালিতলায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশের আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

এদিকে ওই স্থানে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা।

জানা যায়, শুক্রবার বিকেল ৪টায় বগুড়া শহর বিএনপির পৌর এলাকার ১ ও ৩ নং ওয়ার্ড বিএনপি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে শহরের কালিতলা মুক্তমঞ্চে। অপরদিকে একই স্থানে বগুড়া পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগ প্রতিবাদ সমাবেশে ডাক দেয়। এতে কালিতলা এলাকায় অস্থিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও উভয় পক্ষের সংঘর্ষ এড়াতে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা অব্দি ওই স্থানে ১৪৪ ধারা জারি করে সকল প্রকার মিছিল, মিটিং, সভা, সমাবেশ, লোক সমাগম, চার বা ততোধিক ব্যক্তির চলাফেরা নিষিদ্ধ করা হয়।

এ বিষয়ে শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সেখানে আওয়ামীলীগ যুবলীগ সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সেখানে যাব না।

জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন বলেন, ওয়ার্ড আওয়ামী লীগ ও ওয়ার্ড যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় কালিতলা মুক্তমঞ্চে। সেখানে বিএনপিও সমাবেশ আহ্বান করে। এতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বলেন, সদরের কালিতলা এলাকায় দুটি রাজনৈতিক দল একই সময়ে একই স্থানে সমাবেশ আহ্বান করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ১৪৪ ধারা জারি করেছেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। সেখানে কোনো সভা, সমাবেশ বা জনসমাগম কাউকে করতে দেয়া হবে না।