পটুয়াখালীর দুমকিতে মাদ্রাসার অধ্যক্ষকে পেটানোর মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতাল গেট এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের পটুয়াখালী সদর থানার পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সদর থানার ওসি মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পুলিশের একটি দল পটুয়াখালী জেনারেল হাসপাতাল এলাকা থেকে মামলার অন্যতম আসামি প্রভাষক মজিবুর রহমান কামাল (৪৫) ও ফজিলাতুন্নেছাকে (৩৫) আটক করে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট সকালে নিয়োগসংক্রান্ত পূর্ববিরোধ এবং মাদ্রাসায় অনুপস্থিতিতে শোকজের জের ধরে মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার প্রভাষক মজিবুর রহমান কামাল ও তার স্বজনরা অধ্যক্ষ কাজী শাহজালালকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে।