গাজীপুর শহরের শ্মশানঘাট এলাকায় পুলিশ ও মাদক কারবারিদের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে এক পুলিশ সদস্য ও এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছে। পরে অস্ত্র, গুলি, মাদকসহ ১০ মামলার পলাতক আসামি আব্দুল আজিজ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি-ও মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে তিন-চারজন মাদক কারবারি পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে মো. আবদুল আজিজ (৪৫) নামের এক কারবারি। তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গুলিবিদ্ধ আবদুল আজিজ ও পুলিশ সদস্য মো. শাহীনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।