রাজধানীর যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস শেখদী চৌরাস্তা এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রুনা আক্তার (২২)। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী সোহেল মিয়াকে আটক করেছে পুলিশ।
রুনার মা শাহনাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, আমার মেয়ের সঙ্গে সোহেলের বছরখানেক আগে বিয়ে হয়। তাদের সংসার ভালোই চলছিল। দুজনেই একটি কারখানায় চাকরি করে। সোহেল তাকে কাজে যাওয়ার কথা বলে, তখন রুনাও তার কথায় রাজি হয়। পরে সোহেল দুপুরে খেয়ে বাসার বাইরে যায়। কিছুক্ষণ পরে বাসায় এসে দেখে, রুনা গলায় ফাঁস দিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রুনার স্বামী সোহেল জানিয়েছে, তার সঙ্গে কোনো ধরনের মনোমালিন্য বা কথা কাটাকাটি কিছুই হয়নি। কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানে না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গতকাল বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি এবং মৃত নারীর স্বামী সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে।