বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘ভোলায় দুজন ও নারায়ণগঞ্জে একজনকে হত্যা করে সরকার মনে করছে বিএনপি ঘরে ঢুকে গেছে। বিএনপি ঘরে ঢুকবে না। এবার প্রতিরোধ নয়, এখন থেকে প্রতিশোধ হবে। আমরা সবাই প্রস্তুত।’
গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসী ও পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বলেন, ‘মরা গাঙে এমন জোয়ার আসবে সেদিন আপনার পালানোরও সময় থাকবে না। আপনারা তো একপক্ষের খেলা শুরু করেছেন। আমার তো মনে হয় নারায়ণগঞ্জে শাওনকে হত্যার নির্দেশ দিয়েছেন। আপনাকে বলছি খেলা হবে। কিন্তু রেফারি কে হবে তা ঠিক করেন। তারেক রহমানের দলও খেলবে এবং জয়লাভ করবে। আমাদের লক্ষ্য হটাও মাফিয়া বাঁচাও দেশ, টেকব্যাক বাংলাদেশ।’
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে আর অ্যাকশনে যাবেন না। সরকারের অনৈতিক নির্দেশ মানবেন না। জনগণের পক্ষে থাকেন।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ফারুক বলেন, ‘জনগণের প্রতি ন্যূনতম ভালোবাসা থেকে থাকে তাহলে দয়া করে পদত্যাগ করুন। এমন একজনের কাছে ক্ষমতা দেন যিনি প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মতো নিরপেক্ষভাবে কাজ করবেন। আমরা আর বঙ্গভবনে ও গণভবনে বিস্কুট খাব না। এবার কিন্তু ২০১৪/২০১৮ সালের নির্বাচন হবে না।’
কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও গণতন্ত্র ফোরামের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের (ভিপি ইব্রাহিম) সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের নেতা ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।