সময়ের পর কুমিল্লার আগ্রহ

সামনের আসরে বর্তমান চ্যাম্পিয়নদেরই না পাওয়ার কথা ছিল। শুধু সামনের আসরই নয় পরের দুই মৌসুমও। তবে সেই আশঙ্কা উড়ে যাচ্ছে। বিপিএলে দল নেওয়ার আবেদনের শেষ সময়ের পর আগ্রহ দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনটাই জানালেন বিপিএল সমন্বয়ক সাইফুল ইসলাম মানব। তাই তিনবারের চ্যাম্পিয়নরা আবারও বিপিএলের লড়াইয়ে। তবে নির্ধারিত ৩০ আগস্টের পর আবেদন করায় একটু জটিলতা থেকে যাচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় কুমিল্লার আবেদন গ্রহণ করা হবে কিনা তা খতিয়ে দেখা হবে। কুমিল্লা দল পেয়ে যাচ্ছে তা এখনই নিশ্চিত না।

গতবার দলের আবেদন জমা পড়ার সময় বিপত্তি বেধেছিল রূপা ও মার্ন গ্রুপকে নিয়ে। বিসিবির বেঁধে দেওয়া সময়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বাবদ নিরাপত্তা অর্থ জমা দিতে পারেনি গ্রুপটি। তাই তাদের আবেদন গ্রহণ করার পর বাতিল করে বিসিবি। এবার কুমিল্লা নির্ধারিত সময় পর আবেদন করায় এমন কিছু হবে কি! এখানে অবশ্য কুমিল্লার জন্য লাইফলাইন আছে। কুমিল্লাকে নিয়ে আর্থিক সমস্যা হওয়ার কথা না। তাছাড়া বিপিএলে অন্যতম পুরনো দল হিসেবে সুনামও আছে। আর্থিক ঝামেলা না থাকায় ও অতীত রেকর্ড হিসেবে কুমিল্লার দল পাওয়ার সম্ভাবনাই বেশি।

এদিকে কুমিল্লা যুক্ত হওয়ায় ৭ দলের মালিকানা পেতে অংশীদার আরেকটি বাড়ল। ফলে লড়াইটা এখন ১০ প্রতিষ্ঠানের। নির্ধারিত ৩০ আগস্টের মধ্যে আবেদন করে তালিকায় নাম তুলেছে বসুন্ধরা টগি স্পোর্টস, মোনার্ক হোল্ডিংস, আকতার গ্রুপ, মাইন্ড ট্রি, ফরচুন গ্রুপ, প্রগতি গ্রুপ, ফিউচার স্পোর্টস, রূপা ও মার্ন গ্রুপ এবং বৈশাখী গ্রুপ। এর মধ্যে চার দলের মালিকানা অনেকটাই চূড়ান্ত বলা যায়। বসুন্ধরা টগি স্পোর্টস  তাদের পুরনো দল রংপুর রাইডার্সকে পেতে আবেদন করেছে। একই ভাবে আকতার গ্রুপ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন গ্রুপ গতবারের মতো বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে চায়। আর রাজশাহীর হয়ে চ্যাম্পিয়ন হওয়া প্রতিষ্ঠান বৈশাখী গ্রুপ এবার ফিরেছে। এবার বাকি দলগুলোর মধ্যে কোন ফ্র্যাঞ্চাইজি কারা পাচ্ছে তা নিয়েই জল্পনা চলছে। বিপিএলের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান বেক্সিমকো না থাকায় এবারও ঢাকার মালিকানা যাচ্ছে অন্য প্রতিষ্ঠানের কাছে। এক সূত্র থেকে জানা গেছে ঢাকাকে পেতে সবচেয়ে এগিয়ে গতবার সিলেটের মালিকানায় থাকা প্রগতি গ্রুপ। এছাড়া খুলনার দল পেতে মাইন্ড ট্রি-কে টপকে যেতে পারে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস। স্বাভাবিকভাবেই নিজের প্রতিষ্ঠানের দলের হয়ে খেলার সম্ভাবনা বেশি সাকিবের। তাই এবার বরিশালের নয়, সাকিবকে হয়তো খুলনায় দেখা যেতে পারে। এছাড়া সিলেটের দল পেতে এগিয়ে ফিউচার স্পোর্টস গ্রুপ। আর এই দলের সঙ্গেই মাশরাফী বিন মোর্ত্তজা যুক্ত আছেন বলে জানা গেছে।

অবশেষে কুমিল্লার ফিরে আসা বিপিএলের জন্যই শুভ। অবশ্য গুঞ্জন আছে কুমিল্লাকে ফিরিয়ে আনার জন্য বিসিবির পক্ষ থেকেই যোগাযোগ করা হয়। তবে যাই হোক এবারের বিপিএল যে বিদেশি তারকা ছাড়া হতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত। তাই সামনের বিপিএলকে অন্যরকম ভাবে ডিপিএলও বলা যায়।