বার্লের রেকর্ডে জিম্বাবুয়ের ইতিহাস

এটা জিম্বাবুয়ে ক্রিকেটের নবজাগরণ। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে নতুন শুরু করে দলটি। ভারতের সঙ্গে না পারলেও অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে অন্ধকার থেকে আলোর পথে ফেরার অভিযানটা অব্যাহত রাখল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে প্রথমবার হারাল তারা। কুইন্সল্যান্ডের টাউন্সভিলে গতকাল অজিদের মাত্র ১৪১ রানে বেঁধে ফেলে ৭ উইকেটে ১৪২ করে জয় নিশ্চিত করে। ৩ উইকেটের ইতিহাস গড়া জয়ের দিনে হলো রেকর্ড আর রেকর্ড। নিজেদের সোনালি সময়েও এমন সাফল্য আসেনি জিম্বাবুয়ে ক্রিকেটে। অস্ট্রেলিয়ার সঙ্গে আগে মাত্র দুটি ওয়ানডে জয় ছিল। প্রথমটি অজিদের সঙ্গে প্রথম দেখাতেই, সেই ১৯৮৩ বিশ্বকাপে। এর ৩১ বছর পর ২০১৪তে হোম সিরিজের প্রথম ম্যাচে অজিদের হারায় জিম্বাবুয়ে। এছাড়া অস্ট্রেলিয়াকে আর একবার হারিয়েছিল তারা, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিন ফরম্যাটে মোট ৩৪ ম্যাচে এই চার জয় জিম্বাবুয়ের। 

অস্ট্রেলিয়ার মাটিতে জয় ছিল না একটিও। ১৯৯২ থেকে অস্ট্রেলিয়ায় মোট ১৩ ওয়ানডে ও দুটি টেস্ট খেলে সবকটিতেই (একটি ওয়ানডে পরিত্যক্ত) হার জুটেছে জিম্বাবুয়ের। কাল প্রথম জয়ের নায়ক রায়ান বার্ল। মাত্র ১০ রানে ৫ উইকেট নিয়ে এই লেগী ভেঙ্গে দেন অজিদের ব্যাটিং লাইন। হয়েছেন অজিদের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নেয়া প্রথম বোলার। ২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চামিন্ডা ভাসের ১৬ বলে ৫ উইকেট ওয়ানডেতে সবচে দ্রুততম ৫ উইকেট শিকার। কাল ৩ বল বেশি নিয়েছেন বার্ল।

কদিন আগে বাংলাদেশকে হারারতে ব্যাট হাতে গুড়িয়ে দেয়া বার্ল কাল অস্ট্রেলিয়াকে  ওয়ানডেতে সর্বনিন্ম রানে গুটিয়ে দেন। গত ২০ বছরে এটাই অস্ট্রেলিয়ার ঘরের মাঠে দ্বিতীয় সর্বনিম্ন রান।