‘ব্রহ্মাস্ত্র’র টিকিট নিয়ে কাড়াকাড়ি
৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। ছবিটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ২ সেপ্টেম্বর থেকে। শুধু একটি চেইন থিয়েটারেই ১০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। বলিউডের একের পর এক বড় বাজেটের তারকাবহুল ছবি মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। ‘বয়কট’ ট্রেন্ডের কবলে পড়ছে প্রতিটি ছবিই। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটিও বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের এক দল। তাই ছবিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে প্রযোজকরা আশার আলো দেখছেন অগ্রিম টিকিট বিক্রির হিড়িক দেখে। করোনাকালের পরে একদিনে এত টিকিট বিক্রির নজির আর নেই। পাঁচ বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে ‘ব্রহ্মাস্ত্র’। উচ্চমাত্রার ভিএফএক্সের ব্যবহার রয়েছে এই সিনেমায়। খরচ হয়েছে ৪০০ কোটির বেশি। এটাই এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে ব্যয়বহুল বলিউড সিনেমা। এই ছবি যদি ফ্লপ হয় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে ধর্মা প্রোডাকশনের। ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান-শিবা’ পরিচালকের ‘ব্রহ্মাস্ত্র’ ট্রিলজির প্রথম কিস্তি। ছবিতে রণবীর-আলিয়া ছাড়া আরও আছেন অমিতাভ বচ্চন, আক্কিনেনি নাগার্জুনা, মৌনি রায়। জানা গেছে, ছবির দ্বিতীয় পর্বে আরও বড় তারকাদের দেখা যাবে।
কনসার্টের ভেন্যু বদল বিটিএসের
আগামী ১৫ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে কনসার্টে অংশ নেওয়ার কথা হালের দুনিয়া কাঁপানো গানের দল বিটিএসের। সপ্তাহখানেক আগেই বিটিএসের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বিগ হিট মিউজিক ও বুসান মেট্রোপলিটন কর্তৃপক্ষ জানিয়েছিল, বুসানের ইলগোয়াং সৈকতে স্থাপিত বিশেষ মঞ্চে ‘বিটিএস ইয়েট টু কাম ইন বুসান’ কনসার্টের আয়োজন করা হবে। কনসার্টের দর্শকসংখ্যা নির্ধারণ করা হয়েছে এক লাখ। কিন্তু ঘোষণার পর থেকেই ভেন্যু নিয়ে বিটিএসের ভক্ত ও বুসানবাসীদের সমালোচনার মুখে পড়েছেন আয়োজকরা। নির্ধারিত ভেন্যুতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও প্রস্তুতির অভাবের কথা তুলে ধরে উদ্বেগ জানিয়েছেন অনেকেই। কনসার্টের দিন প্রায় এক লাখ দর্শকের জন্য একটি দরজা ব্যবহারের ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কাও করেছেন কেউ কেউ। সঙ্গে যানজটসহ নানা ভোগান্তির শঙ্কার কথা সামনে আসার পর কনসার্টের ভেন্যু সরিয়ে আনার ঘোষণা দিয়েছে বিগ হিট মিউজিক। শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শ্রোতাদের নিরাপত্তা ও স্বস্তির কথা বিবেচনা করে কনসার্টের ভেন্যু সৈকত থেকে বুসানের এশিয়ান মেইন স্টেডিয়ামে নেওয়া হয়েছে। বুসানের ‘ওয়ার্ল্ড এক্সপ্রো ২০৩০’-এর অংশ হিসেবে এ কনসার্টের আয়োজন করা হচ্ছে। দর্শকরা বিনা মূল্যে কনসার্টটি উপভোগ করতে পারবেন। বিটিএসের সাত সদস্য দ্য ওয়ার্ল্ড এক্সপ্রো ২০৩০-এর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। আরএম, জিন, সুগা, ভি, জে হোপ, জিমিন ও জাংকুকের দল বিটিএস তাদের শেষ অ্যালবাম ‘বি’ প্রকাশ করে ২০২০ সালের ডিসেম্বরে।
লন্ডনে হলি আর্টিজানের কাহিনী
গুলশানের অভিজাত হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার ৬ বছর পূর্ণ হয়েছে গত ১ জুলাই। সেদিনের সেই বিভীষিকাময় ঘটনার অনুপ্রেরণায় ‘শনিবার বিকেল’ ছবিটি নির্মাণ করলেও মোস্তফা সরয়ার ফারুকীর সেই ছবি আজও আলোর মুখ দেখেনি। সেন্সর ছবিটি আটকে দেওয়ার বিরুদ্ধে এখন সরব শোবিজ অঙ্গন। তবে এই ঘটনা নিয়ে বলিউডে নির্মিত সিনেমা ‘ফারাজ’-এর প্রিমিয়ার হতে যাচ্ছে লন্ডনে। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউডের ‘লন্ডন ফিল্ম ফেস্টিভাল’-এ মনোনীত হয়েছে ‘ফারাজ’। খবরটি জানিয়েছেন নির্মাতা হংসল মেহতা। তিনি আলিগড়, সিটি লাইটস, সিমরান এবং স্ক্যাম ১৯৯২ এর মতো জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের নির্মাতা। ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, খুব শিগগির ‘ফারাজ’ এর আন্তর্জাতিকভাবে মুক্তির ঘোষণা দেবেন। ২৩ সেকেন্ডের গ্রাফিক্স ভিডিও শেয়ার দেওয়ার পাশাপাশি জানানো হয় সিনেমার চরিত্রাভিনেতাদের নাম। ‘ফারাজ’ নিয়ে হংসল আগেই জানিয়েছেন, প্রায় তিন বছর ধরে ‘ফারাজ’-এর গল্পটি পৃথিবীকে দেখাব বলে অপেক্ষা করছি। ভূষণজি ও অনুভব সিনহাকে ধন্যবাদ, আমি যেভাবে সিনেমাটি করতে চেয়েছি, সেভাবে সমর্থন জানানোর জন্য। ‘ফারাজ’ হবে গভীর মানবিকবোধের এক গল্প। এই ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। ছবিতে আরও অভিনয় করবেন অভিনেতা কুনাল কাপুরের ছেলে জাহান কাপুর।