আলু শুধু খাবার হিসেবেই নয়, দৈনন্দিন নানা কাজেও ব্যবহার করা যায়। কোন কাজে আলু কীভাবে ব্যবহার করবেন জেনে নিন
অসাবধানতাবশত রান্নায় লবণ বেশি হয়ে গেলে ঝটপট আলু ধুয়ে কেটে রান্নায় দিয়ে দিন। ১৫-২০ মিনিট মতো এই আলু রাখলেই হবে। তারপর প্রয়োজন হলে তুলে নিতে বা রাখতে পারেন। এই আলু তরকারির অতিরিক্ত লবণ শুষে নেবে। বিশেষ করে ঝোলজাতীয় তরকারিতে এই টোটকা দারুণ কার্যকর। ঝোলে কয়েক টুকরো আলু ফেলে প্রায় ২০ মিনিট মতো ফোটালেই অতিরিক্ত লবণাক্ত স্বাদ কেটে যাবে।
হাতে গরম তেল ছিটকে ফোসকা পড়ে যায়, কিংবা হাতে ছ্যাঁকা লেগে যায়। এক্ষেত্রে সেদ্ধ আলু চটকে আলুর রসের সঙ্গে মিশিয়ে পোড়া জায়গায় লাগাতে পারেন। কিছুক্ষণ এভাবে রেখে দিলে কমতে শুরু করবে ব্যথা ও জ্বালা ভাব।
তরকারিতে পানি বেশি পড়ে গেছে? চিন্তার কিছু নেই, সেদ্ধ আলু চটকে ঝোলে দিয়ে দিন। মেশান ভালো করে। গ্রেভি ঘন হয়ে যাবে।
পোশাক থেকে দাগ তুলতে আলু থেঁতো করে বা কুচিয়ে এক বাটি পানিতে ভিজিয়ে রাখুন। এক ঘণ্টা পর আলুর কুচিগুলো তুলে সেই পানি পোশাকের দাগের জায়গাটা ভিজিয়ে নিন। তারপর ঘষে তুলে নিন।
মরিচা বা জং তুলতে লবণ, ডিটারজেন্ট এবং বেকিং সোডা এক সঙ্গে মেশান। আলু অর্ধেক কেটে এই মিশ্রণে ঘষে নিন। এবার যে জায়গায় মরিচা লেগেছে সেই জায়গায় এই আলু ঘষুন কয়েক মিনিট। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আলু কেটে পানিতে ভিজিয়ে রাখুন। পরে এই পানি দিয়ে রুপার বাসন ধুয়ে নিন। বাসন চকচকে হয়ে যাবে।