নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে গ্রেপ্তার ১০ আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার ১০ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিনের আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত শুনানি শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- ফতুল্লার মধ্য নরসিংহপুর এলাকার আ. জলিলের ছেলে মো. আ. সাত্তার (২২), নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরকেট ইউনিয়নের ডিক্রিরচর হাজী মোস্তফা সরদারের ছেলে মো. মজিবুর রহমান (৫২), শহরের পালপাড়া মৃত যুগেস চন্দ্র দেবনাথের ছেলে রঞ্জন কুমার দেবনাথ (৩৬), রূপগঞ্জ থানার সিংলাবো (মার্কেটের পেছনে) মৃত হারুন অর রশিদের ছেলে রাজিব (৩৮), সোনারগাঁও মেঘনা ঘাট এলাকার আলী আক্কাসের ছেলে মো. জনি (৩৮), বন্দর থানার মদনপুর উত্তর চানপুর মাদ্রাসার সঙ্গে মৃত আমান উল্লাহর ছেলে মো. বাদল (৩৩), আড়াইহাজার থানার রামচন্দ্রী এলাকার মৃত রমিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. আবুল কালাম ভুইয়া (৪৮), সোনারগাঁ বৌবাজার মেঘনা ঘাট এলাকার মৃত আলী মোস্তফা খানের ছেলে রিমন (২২), একই এলাকার ইমান হোসেনের ছেলে ইমন (১৮), আড়াইহাজার ময়নাবাজ এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সোহান (১৫)।

উল্লেখ্য, বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনার পরদিন পুলিশকে হত্যার উদ্দেশে হামলা, পুলিশের কর্তব্যকাজে বাধাদান ও ভাঙচুর এবং বিস্ফোরকের অভিযোগ এনে বিএনপির ৭১ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করে সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে ঘটনার দিন বৃহস্পতিবার সংঘর্ষ চলাকালীন সময় আটক করা হয়েছিল।