আগেই বিদেশ নয়, নিজের দেশ ভ্রমণের পরামর্শ নিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এক জীবনে নিজের দেশের সব বৈচিত্র দেখে শেষ করা যাবে না। তাই আগে নিজের দেশের ৫৬ হাজার বর্গমাইলের বৈচিত্র দেখা উচিত। অথচ, ভ্রমণ শুনলেই আমাদের মনে হয় বিদেশ ভ্রমণ।
রবিবার (৪ সেপ্টেম্বর) মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘ঘুরে দেখো বাংলাদেশ উইথ ট্যালেন্ট ট্যুরিস্ট কম্পিটিশন' এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে আমরা হাওর অঞ্চলের অসম্ভব সুন্দর দৃশ্যগুলো দেখতে পাই। চরের জীবনযাত্রা ও পরিবেশ বৈচিত্রময়। আমাদের সুন্দরবন আছে, আরও বনাঞ্চল আছে, চা বাগান আছে। ঢাকা শহর থেকে একটু বেরুলেই বিস্তীর্ন সবুজে চোখ জুড়িয়ে যায়। তার সঙ্গে সারাদেশে নানান জায়গায় অসংখ্য পুরাকীর্তি ছড়িয়ে আছে, আগের জমিদার, রাজাদের বাড়ি-ঘর আছে। যদিও বেশি ভালোভাবে সংরক্ষিত হয়নি। তবে অনেকগুলো ভালোভাবে সংরক্ষিত আছে। আমাদের মন্দির, মসজিদ আছে যেগুলোতে অনেক পর্যটক যান। কান্তজীর মন্দির কী অসাধারণ, টেরাকোটার কাব্য বলা হয়। না দেখলে বর্ণনা করে বোঝানো শক্ত।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের নানান জায়গায় সুন্দর সুন্দর দীঘি আছে। আমাদের দেশে বিভিন্ন উৎসব আছে, বারো মাসে তের পার্বন, আছে বিভিন্ন খাবারের বৈচিত্র। পাহাড়ি এলাকায় পোশাকের বৈচিত্র আছে।’
দীপু মনি বলেন, ‘ঘরের কাছে হাতের নাগালের মধ্যে এতো কিছ আছে যা দেখা হয়নি। এখন তো প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। সব জায়গাতেই সহজে যাওয়া যায়।’