পুরস্কৃত সিঁথি-রেহান

'বিসিএসের গাইড পড়তে পড়তে রেকর্ডিংয়ে গিয়েছিলাম'

সদ্য বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করা চার বন্ধুর আনন্দ-বেদনা, ভ্রমণ ও অপ্রত্যাশিত ঘটনার গল্প মিজানুর রহমান আরিয়ানের ছবি 'নেটওয়ার্কের বাইরে'। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে চার বন্ধুর চরিত্রে অভিনয় করেন শরিফুল রাজ, ইয়াশ রোহান, খায়রুল বাসার ও জুনায়েদ বোগদাদী। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ছবিটি প্রয়োজনা করেন রেদওয়ান রনি। 

দারুণ দর্শকপ্রিয়তা পাওয়া ছবিটির অন্যতম আকর্ষণ ছিল এর একটি গান। গানটির শিরোনাম 'রূপকথার জগতে'। গানটিতে কষ্ঠ দিয়েছিলেন অবন্তী সিঁথি এবং রেহান রাসুল। সোমেশ্বর অলির কথায় গানটির সংগীত আয়োজন করেন সাজিদ সরকার।

শ্রোতাপ্রিয় গানটি এখনো মানুষের ভালো লাগার তালিকায় আছে। আর এ জন্যই অসংখ্য মানুষ তাদের প্রিয় ওয়েব সং ভোট করেছেন গানটির জন্য। আর সে কারণেই ব্লেন্ডার্স চয়েজ দি ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড পায় গানটি। আর ওই অ্যাওয়ার্ডে সেরা কষ্ঠশিল্পী হন অবন্তী ও রেহান। শুধু তাই নয়, গানটির গীতিকার ও সংগীত পরিচালকও স্ব স্ব ক্ষেত্রে এই পুরস্কার পান।

কিছুদিন আগে পা ভেঙেছে শিস-কন্যা অবন্তী সিঁথির। কিন্তু পুরস্কার তো নিতেই হবে। তাই হুইল চেয়ারে করেই গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন তিনি। সম্মিলিতভাবে পুরস্কার নেন সবাই।

সিঁথি বলেন, 'যেকোনো কাজের জন্য স্বীকৃতিটা খুব জরুরি। এই স্বীকৃতিটাই পরবর্তীতে আরো ভালো কাজ করার অনুপ্রেরণা যোগায় এবং দায়িত্ববোধটাকে বাড়িয়ে দেয়। 

'২০২০ সালের শেষের দিকে রেকর্ডিং হয় গানটি। তখন প্যানডেমিক। মানুষ ঘর থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু করেছে। কোথাও কোনো শো নেই। সামান্য কিছু রেকর্ডিং ছাড়া আর কোনো কাজ নেই। ভাবছি, হয়তো আর গান গাওয়া হবে না। এমন সময়ই গানটির রেকর্ডিং এর জন্য ডাকা হয়।' অবন্তী বলেন, 'ভাবছিলাম গান গাওয়া ছেড়ে একটা চাকরি নেব। আর তাই বিসিএসের গাইড পড়তে পড়তে রেকর্ডিংয়ে গিয়েছিলাম।'

এর পর? 'গানটি প্রকাশের পর দারুণ রেসপন্স পাওয়া শুরু করি। যারা শুনেছেন, সবাই প্রশংসা করেন। আর আজ গানটির জন্য অ্যাওয়ার্ড পেলাম। ভালো লাগছে।' বলেন সিঁথি।

গানটিতে অবন্তী সিঁথির সহশিল্পী রেহান রাসুল মূলত মেলোডি লাভার। এবিসি রেডিওর প্রডিউসার এই তরুণ আগেও 'বাজে স্বভাব' ও 'ফেরাতে পারিনি'র মতো দারুণ শ্রোতানন্দিত গান উপহার দিয়েছেন। তার ঝুলিতে আছে আরো গোটা বিশেক মৌলিক গান। বললেন, 'প্রথম পুরস্কার, ভালো তো লাগবেই।'

'আমি সারাজীবনই মেলোডির ভক্ত। আর আমাকে যখন গানটি গাইতে বলা হয় তখন আমি প্রথমে শুনি। গানটিতে প্রথম সিঁথি ভয়েস দিয়েছিলেন। অসাধারণ ছিল সেই ভয়েস। আমি ভয়েস শুনেই গানটির প্রেমে পড়ে যাই। ভাবি, গানটি আমাকে গাইতেই হবে।' যোগ করেন রেহান। এর পর বলেন, 'শেষ পর্যন্ত গানটি আমাকে পুরস্কার এনে দিল।'

সবশেষে গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রতিভাবান এই গায়ক।