প্রথমবার জাতীয় দলে মারুফা

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় ক্রিকেট লিগে দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মারুফা আক্তার। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরলেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত জানুয়ারিতে কমনওয়েলথ গেমস বাছাইয়ে। সেই দলে জাহানারা ছিলেন না শৃঙ্খলাজনিত কারণে। ওই টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা ও সুরাইয়া আজমিন। তাদের জায়গায়ই এসেছেন মারুফা ও জাহানারা।

ওয়ানডে সংস্করণের গত ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন মারুফা। বিকেএসপির হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৩.২১ রান দিয়ে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি। ডানহাতি এই পেসার জিতেছিলেন টুর্নামেন্টের ‘বেস্ট প্রমিজিং প্লেয়ার’- এর পুরস্কার। সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি সংস্করণের জাতীয় ক্রিকেট লিগেও বেশ ভালো করেন তিনি। সিলেট বিভাগের হয়ে ৭ ম্যাচে ওভারপ্রতি ২.৭৬ রান দিয়ে তার প্রাপ্তি ছিল দ্বিতীয় সর্বোচ্চ ১৩ উইকেট।

আরব আমিরাতে ১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে নিগার সুলতানার দলের অপর দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের দুটি শীর্ষ দল উঠবে ফাইনালে। তারাই যোগ্যতা অর্জন করবে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

বাংলাদেশ নারী দল : নিগার সুলতানা (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামিমা সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার, মারুফা আক্তার।