মেসি গোলের চেয়ে গোল করাচ্ছেন বেশি

এই মৌসুমে পিএসজিতে লিওনেল মেসির বড় দায়িত্ব বোধ হয় সতীর্থদের দিয়ে গোল করানো। প্রায় প্রতি ম্যাচেই গোল বানিয়ে দিচ্ছেন নেইমার, এমবাপেকে। শনিবার লিগে নঁতের বিপক্ষেও দুটি গোল বানিয়ে দেন কিলিয়ান এমবাপেকে। ফরাসি এই স্ট্রাইকারও গোল করতে ভুল করেননি। পিএসজি ম্যাচ জিতেছে ৩-০ গোলে।

আগামীকাল রাতে জুভেন্তাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পিএসজির এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান। ওই ম্যাচ সামনে রেখে নঁতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনেন পিএসজি কোচ গালতিয়ের। দারুণ ছন্দে থাকা নেইমারকে বেঞ্চে রেখে একাদশ সাজান। দলকে খেলান ৩-৪-৩ ফরমেশনে। আক্রমণে মেসি-এমবাপের সঙ্গী হন পাবলো সারাবিয়া। নেইমারও খেলেছেন ৬৩ মিনিটে এমবাপের বদলি হিসেবে। ১৮ মিনিটে মেসির পাস থেকে প্রথম গোল করেন এমবাপে। ২৪ মিনিটে মিডফিল্ডার ফাবিও লাল কার্ড দেখায় ১০ জনের দল হয় নঁতে। ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বক্সের ভেতরে ডান প্রান্ত থেকে মেসি পাস দেন এমবাপেকে। এই মৌসুমে পিএসজির হয়ে লিগে ৫ ম্যাচ খেলে ৭ গোল হলো এমবাপের। মেসির লিগে ছয় ম্যাচে ষষ্ঠ অ্যাসিস্ট। তুলুজের বিপক্ষেও জোড়া অ্যাসিস্ট করেছিলেন মেসি। নেইমারও গোল পেতে পারতেন। ৬৮ মিনিটে তার শট পোস্টে লাগে। ফিরতি শটে গোল করেন মেন্দেস।

নেইমারকে বদলি খেলানোর বিষয়ে গালতিয়ের বলেন, ‘ভালো ফর্মে থাকা কালে খেলোয়াড়কে ব্রেক দেওয়াটা ঝুঁকির। কিন্তু তার সঙ্গে এ নিয়ে আমার দীর্ঘ আলাপ হয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এবং সে এটি গ্রহণ করেছে।’ জুভেন্তাসের সঙ্গে ম্যাচ সহজ হবে না বলেও জানান পিএসজি কোচ। লিগে ৬ ম্যাচে ৫টি করে জয় ও ১টি করে ড্র পিএসজি ও মার্শেইয়ের। দুই দলেরই পয়েন্ট ১৬। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে পিএসজি।