রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ লিজেন্ডস ক্রিকেটে খেলতে আজ ভারত যাচ্ছে বাংলাদেশ দল। সাবেক তারকাদের নিয়ে দ্বিতীয়বার এই আসরটি হতে যাচ্ছে। এবার দল সংখ্যা বেড়ে ৬ থেকে হয়েছে ৮। নতুন যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ছাড়া বাংলাদেশ ছাড়াও স্বাগতিক ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, উইন্ডিজ ও শ্রীলঙ্কা থাকছে এই টুর্নামেন্টে। ১০ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবরে শেষ হবে টুর্নামেন্টটি। বাংলাদেশের প্রথম ম্যাচ উইন্ডিজের বিপক্ষে ১১ সেপ্টেম্বর।
মোহাম্মদ রফিকের নেতৃত্বে গতবার বাংলাদেশ লিজেন্ডস লিগ পর্বের পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারেনি। এবার অতীত ভোলাতে চায় বাংলাদেশ লিজেন্ডসরা। আজ ও কাল দুভাগে ভারতের দিল্লিতে যাবেন তারা। গতবার রফিক ছাড়াও খেলেছেন খালেদ মাহমুদ। এ বছর এই দুই তারকাকে দেখা যাবে না দলে। নেই জাভেদ ওমর, হান্নান সরকার, নাফিস ইকবাল, রাজিন সালেহ ও মুশফিক বাবুও নেই।
গতবারের চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক এবারও শচীন টেন্ডুলকার। ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন ব্রায়ান লারা। অস্ট্রেলিয়ার অধিনায়ক শেন ওয়াটসন, নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর, ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান বেল, শ্রীলঙ্কার নেতৃত্বে থাকছেন তিলকারত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জন্ডি রোডস।
বাংলাদেশ লিজেন্ডস অলক কাপালী, শাহাদাত হোসেন রাজীব, তুষার ইমরান, ধীমান ঘোষ, ডলার মাহমুদ, আবুল হাসান রাজু, ইলিয়াস সানী, নাজমুস সাদাত, আব্দুর রাজ্জাক, আলমগীর কবির, আফতাব আহমেদ, খালেদ মাসুদ, মোহাম্মদ শরীফ, মেহরাব হোসেন অপি ও মোহাম্মদ নাজিমউদ্দিন। অন্য খেলার একজন বাধ্যতামূলক প্রতিনিধি হিসেবে এবারও আছেন হকি তারকা মামুনুর রশীদ।