সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের দুবারের চ্যাম্পিয়নকে আজ কলম্বোতে উদ্বোধনী ম্যাচেই দিতে হচ্ছে কঠিন পরীক্ষা। প্রথম ম্যাচেই তাদের সামনে স্বাগতিক শ্রীলঙ্কা। ‘এ’ গ্রুপে অপর দল মালদ্বীপের বিপক্ষে নামার আগেই সেমিফাইনাল নিশ্চিতে আজ জয়ই হবে দলটির একমাত্র লক্ষ্য।
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ আসরে অল্পের জন্য শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক ভারতের কাছে হারতে হয়েছিল। সেই দলের ১০ জন খেলোয়াড় সুযোগ পেয়েছে অনূর্ধ্ব-১৭ দলে। আগের টুর্নামেন্টে তাই এই খেলোয়াড়দের শ্রীলঙ্কা দল সম্পর্কে ভালো অভিজ্ঞতা হয়েছে। যদিও বাংলাদেশের মতো শ্রীলঙ্কা দলেও এত বেশি সিনিয়র দলের খেলোয়াড় নেই। তারপরও দলের প্রধান কোচ হয়ে যাওয়া বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মনে করেন প্রথম ম্যাচের কঠিন পরীক্ষা উতরে যাবে তার শিষ্যরা। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু ম্যাচের আগের কাল সন্ধ্যায় নিজেদের এই ম্যাচের জন্য শেষবারের মতো ঝালিয়ে নেয় বাংলাদেশ দল। পল দলের প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট, ‘দলের সবাই প্রস্তুত আছে। আমরা স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। এই আসরের জন্য কয়েক সপ্তাহ ধরে অনুশীলন করেছি। সবার মধ্যে একটা ইতিবাচক মনোভাব দেখতে পাচ্ছি। বিশেষ করে সাফ অনূর্ধ্ব-২০ আসরে ভালো করার পর থেকেই আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। সবাই সে সময় যে সমর্থনটা দিয়েছে, এখন অনূর্ধ্ব-১৭ র জন্য একই সমর্থন প্রত্যাশা করছি।’ প্রথম ম্যাচ সবসময় কঠিন দাবি করে পল স্মলি বলেন, ‘প্রথম ম্যাচ সবসময় কঠিন। সেটা স্বাগতিকদের বিপক্ষে হলে তো কথাই নেই। তবে আমরা এর জন্য প্রস্তুত আছি। আশা করছি একটা ইতিবাচক ফল নিয়ে ম্যাচটা শেষ করবে ছেলেরা।’
কোচের মতোই আত্মবিশ্বাসী শোনালো বাংলাদেশ অধিনায়ক ইমরান খানের কণ্ঠ। তিনিও ছিলেন অনূর্ধ্ব-২০ দলের সদস্য। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূল লক্ষ্য শিরোপাটা ছুঁতে চান ইমরান, ‘সবচেয়ে বড় ব্যাপার আমরা সবাই ফিট আছি। আমাদের প্রস্তুতি ভালো। আশা করছি প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারব। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে আমরা যে দশজন খেলেছি, সেখানে আমাদের শ্রীলঙ্কা সম্পর্কে ধারণা হয়েছে। স্বাগতিক বলে আমরা কোনো চাপ নিচ্ছি না। ম্যাচ বাই ম্যাচ জিতে আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। এবং অবশ্যই চাই এই আসরের শিরোপা জিততে।’
‘বি’ গ্রুপে খেলবে গতবারের চ্যাম্পিয়ন ভারত, নেপাল ও ভুটান। আসরের দুটি সেমিফাইনাল ১২ সেপ্টেম্বর ও ফাইনাল ১৪ সেপ্টেম্বর।