কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় মিরপুর জিকে সেচ প্রকল্পের রেলব্রিজে এ ঘটনা ঘটে।
চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি রেলব্রিজ পার হওয়ার সময় রেললাইনের ওপর হাঁটতে থাকা দুই শিক্ষার্থী তাতে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।
নিহতরা হলোÑ কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী নাঈম আলী (১৬) এবং চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহের মেয়ে মিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ঋতু খাতুন (১৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত দুজন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল। তারা ব্রিজ পার হওয়ার সময় ট্রেনটি চলে আসে এবং সেখানেই দুজন ট্রেনে কাটা পড়ে।