স্থগিত ঝিনাইদহ পৌরসভায় ভোট ১১ সেপ্টেম্বর

স্থগিত হওয়া ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণ হবে আগামী রবিবার। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান।

আতিয়ার রহমান জানান, হাইকোর্টের আদেশ পাওয়ার পর ১১ সেপ্টেম্বর রবিবার ঝিনাইদহ পৌরসভার ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে আইনি জটিলতার কারণে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। ঝিনাইদহ পৌরসভার সাধারণ নির্বাচনের ব্যাপারে হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এ সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

গত ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আইনি জটিলতার কারণে হাইকোর্ট এক আদেশে এক মাসের জন্য নির্বাচন স্থগিত করে।

 নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি। এরপর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল খালেকের প্রার্থিতা বাতিলের প্রজ্ঞাপন এক মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এর ফলে তিনি প্রার্থিতা ফিরে পান। ফলে নির্বাচনে অংশ নিতে তার আর বাধা নেই বলে জানা গেছে।