বর্তমান সরকারের পতন হওয়ার পর প্রতিটি হত্যার বিচার হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকতে চান রাজপথে আসেন, আপনারাও থাকেন আমরাও থাকব। বাহাদুরের বাচ্চার মতো আসেন। পুলিশ ছাড়া আসেন দেখি কার কত বাহাদুরি আছে। লগি-বৈঠা নিয়ে আসেন। মোকাবিলা করব। লাইসেন্সবিহীন অস্ত্র দিয়ে গুলি করবেন না। গুলি করেছেন লাইসেন্সবিহীন অস্ত্র দিয়ে। বিচার হবে, সব ঘটনার বিচার হবে।’
গতকাল রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জে যুবদলের কর্মী শাওনের হত্যা প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় যুবদল।
মির্জা আব্বাস বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের প্রতিবাদ সভা ছিল। রহিম, নূরে আলমকে গুলি করে মারল। এরপর নারায়ণগঞ্জে শাওনকে গুলি করে মারল। এখন প্রতিবাদে সারা দেশে গোলাগুলি হচ্ছে।’