টালবাহনা না করে নির্বাচনের প্রস্তুতি নিন, বিএনপিকে কাদের

টালবাহনা না করে বিএনপিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, নির্বাচন খুব বেশি দূরে নয়, আপনারা জোট করুন বা নিজেরা একা আসুন সেটা আপনাদের ব্যাপার। নির্বাচনে আসতে হবে- ক্ষমতার মঞ্চে কোন পরিবর্তন চাইলে নির্বাচন ছাড়া বিকল্প কোন পথ নেই।

সরকারি দল বিএনপিকে সহিংসতার দিকে ঠেলে দিতে না পেরে সরকার নাকি মনঃকষ্টে ভুগছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নয় বরং শেখ হাসিনার জনপ্রিয়তা দেখে মনঃকষ্টে ভুগছে বিএনপি। 

তিনি বলেন, বিএনপি বুঝে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামী নির্বাচনে জনগণের ভোটে পরাজিত করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনকল্যাণমুখী রাজনীতি বিএনপির রাজনৈতিক ভবিষ্যতকে সংকটের মধ্যে ঠেলে দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা বারবার ঐক্যের ডাক দিয়ে গলা শুকিয়ে ফেললেও জনগণ কিন্তু তাদের ডাকে সাড়া দিচ্ছে না। আর সেই কারণেই তাদের মনঃকষ্ট বেড়েই চলেছে।

আওয়ামী লীগ খালি মাঠে গোল দিতে চায় না বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী শক্তিশালী হলে নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। শেখ হাসিনা সরকার ভালো একট নির্বাচন বাংলাদেশে চায়।